নভেম্বর ৭, ২০২৫, ১০:১১ এএম
আজ ৭ নভেম্বর। বাংলাদেশে আজ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়েছিল। অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে এই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছিল দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করার এক নতুন যাত্রা।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা।
সেই সময় দেশজুড়ে বিরাজ করছিল বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে, ৭ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান গৃহবন্দি ছিলেন। এই সময়ে গোটা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে দিয়ে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহি ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা।
তারা গৃহবন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেন। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার আহ্বান জানানো ‘মেজর জিয়া’ হিসেবে সারা দেশে পরিচিত জিয়াউর রহমানের মুক্তির প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে রাজপথে।সিপাহী-জনতার এই বিপ্লবে সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে দেশের বুকে, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান।৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সমমনা দলগুলো।
দিবসটি উপলক্ষে এবারও ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।সকাল ৬টা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।সকাল ১০টা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
বিকেল ৩টা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল।এছাড়াও, দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে শ্রমিকদল, ছাত্রদল, ওলামা দল, তাঁতী দল, কৃষক দল এবং জাসাসসহ অন্যান্য অঙ্গসংগঠন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন