শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,

পলাতকরা রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৮:১১ পিএম

পলাতকরা রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বাসস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিজয়ের মাসের কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‍‍`দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাই না, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।‍‍`

তিনি বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার। এর মধ্য দিয়ে দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান, পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন না ঘটে, সে লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা এবং সব ধরনের রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার বিষয়ে দলটি অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজনে আইনানুগভাবে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‍‍`ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।‍‍`

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত এবং আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের বেদনা ও অর্জন তারাই সবচেয়ে ভালো জানেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে জনগণ যাদের বিতাড়িত করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে দেশে থাকা তাদের দলীয় সমর্থকেরাও বিপদগ্রস্ত হয়েছেন। কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে। দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।

তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।

তিনি বলেন, ‍‍`যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।‍‍`

ইতিহাসের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা ছিল। তারা একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং সাংবিধানিকভাবে গণতন্ত্রকে সংকুচিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর তারা আবার রাজনীতি করার সুযোগ পায়।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তা মুক্ত হয়েছিল। অসংখ্য মানুষের রক্তপাতের মধ্য দিয়ে দেশের মানুষ পুনরায় গণতন্ত্রকে মুক্ত করেছে বলেও জানান তিনি।

একই সংবাদ সম্মেলনে বিজয়ের মাসের কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটি বড় সমাবেশের মাধ্যমে শুরু করা হবে। মাসব্যাপী এই কর্মসূচি ১ ডিসেম্বরের সমাবেশ দিয়েই শুরু হবে। আগামী ১ ডিসেম্বরের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সমাবেশটি কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি দলটি। সমাবেশের লক্ষ্যেই আজ প্রস্তুতি সভা হয়েছে বলে জানান তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজয়ের মাস এক তারিখ থেকেই পালন করা শুরু হবে। সেই হিসাবে সরকারি সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখে একটি গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে। বিজয়ের মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, গ্র্যান্ড র‍্যালির আয়োজন সফল করতে সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

ব্রিফিংয়ের আগে দল ও অঙ্গসংগঠনসমূহের যৌথ সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী এমপি, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ব্রিফিংয়ে তিনি সরকারের অবস্থান ও দলের কর্মসূচি - দুটি বিষয়েই কথা বলেন।