ফাহিম হোসেন রিজু
নভেম্বর ৮, ২০২৫, ০৩:১৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, "রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। কেউ কেউ এখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে—এটা বুদ্ধিমানের কাজ নয়।"
শনিবার (৮ নভেম্বর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "কেউ কেউ বলবে, অমুক জায়গায় সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যাবেন—এই ধরনের কথা একদমই গ্রহণযোগ্য নয়। আমরা মুসলমানরা জানি, হাশরের দিন সবাই নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে। সেদিন কেউ কাউকে চিনবে না। তাই নিজের কর্মই বলে দেবে কে কোথায় যাবে।"
ডা. জাহিদ হোসেন উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, "আপনারা মা-বোনেরা, ভাইয়েরা—খেয়াল রাখবেন যেন কেউ ধর্মকে ব্যবহার করে আপনাদের বিভ্রান্ত না করতে পারে। রাজনীতি হবে মানুষের কল্যাণে, ধর্ম থাকবে তার নিজ মর্যাদায়।"
ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পরে ঘোড়াঘাট পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. জাহিদ হোসেন।