রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা এনসিপি নেতা হাসনাতের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:২৭ পিএম

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা এনসিপি নেতা হাসনাতের

আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই।

শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ।"এর আগে শনিবার শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ হামলা চালায়। এই ঘটনায় ৫ শিক্ষক গ্রেপ্তার ও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।সংঘাতের কারণ: ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের পদক্ষেপ: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।গ্রেপ্তার: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম জানান, পুলিশের বর্বর হামলায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. মাহবুবুর রহমানসহ ৫ জনকে আটক করা হয়েছে।

এই হামলা ও আটকের প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে শিক্ষকদের দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে:১ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ২. দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, দু-একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।