রবিউল এহ্সান রিপন
নভেম্বর ১০, ২০২৫, ০১:৪৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, "নির্বাচনকে বানচাল করা আর পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার।"
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান সংকটবিএনপি মহাসচিব বলেন, "৭১-এ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে।
তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব!"তিনি অভিযোগ করে বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলতেছে। গ্রাস করার চেষ্টা চলতেছে। ধর্মীয় অনুভূতিতে বিক্রি করে তারা এসব কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নূর করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলীসহ অন্যান্যরা।