নভেম্বর ১১, ২০২৫, ০৯:৩৯ এএম
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল।
এই দিনটিকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রায় ঘোষণার দিনকে ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার পুলিশ সুপারদের (এসপি) কাছে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
পুলিশের টহল পার্টি, মোবাইল পার্টি এবং পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। তারা সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন তথ্যও মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে। এই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছে। এছাড়াও, ১৩ নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে—এমন তথ্যও দেওয়া হচ্ছে এই মাধ্যমে। এই ধরনের উসকানিমূলক প্রচারণায় যুক্ত টিকটকারদের তালিকা তৈরি করেছে পুলিশ। পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছেন, তাদেরও তালিকা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি তল্লাশি এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে। এছাড়াও ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার সড়কে র্যাবকে টহল দিতে দেখা গেছে।
পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দলটির নেতাকর্মীরা ছদ্মবেশে দেশ-বিদেশে তৎপর রয়েছে। তারা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে অস্তিত্বের জানান দিচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
আইজিপি বাহারুল আলম গতকাল সোমবার রাতে জানান, নৈরাজ্য মোকাবিলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ডিএমপিকে পুলিশের অন্য ইউনিট সহযোগিতা করবে। এছাড়া, বিজিবি মাঠে থাকবে এবং ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবিাহিনীও মাঠে থাকবে। তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটালে কোনো ছাড় দেওয়া হবে না।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন