নভেম্বর ১১, ২০২৫, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সহধর্মিণী রাহাত আরা বেগম এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বামীর নির্বাচনী এলাকা সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত হন।
সভায় ইউনিয়নের সকল ধর্মের প্রায় হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন।
এ সময় তিনি নারীদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার, সে বিষয়ে মতবিনিময় করেন।নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল পত্নী রাহাত আরা বেগম বলেন, "ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ।"তিনি আরও বলেন, "আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি।
তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সাথে থেকেছেন, আপনাদের সময় দিয়েছেন। তাঁর বয়স হয়েছে। এবারে আপনারা তাঁকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।"মতবিনিময়কালে প্রতিমা রানী নামের এক নারী বলেন, "আমরা এ অঞ্চলের নারীরা কী কী কাজে দক্ষ, তা বলেছি। তিনি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি, আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করে দিবেন।"
রেহেনা পারভীন বলেন, "আমরা ঠাকুরগাঁওয়ের নারীরা এই জেলার মতো অবহেলিত। আমরা চাই সত্যিকার অর্থে আমাদের জন্য কাজ হোক, আমরা সমাজে অবদান রাখতে চাই।"এ সময় জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস-এর সভাপতিত্বে অন্যদের মাঝে স্বাগত বক্তব্য দেন আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন