সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে খালেদা জিয়ার প্রচারণা শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৩:২৫ পিএম

আজ থেকে খালেদা জিয়ার প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মূলত আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রধানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনসমর্থন সুসংহত করার লক্ষ্যেই এই আগাম প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জেলা বিএনপির আয়োজিত ওই বিশেষ জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ জুমার নামাজের পর থেকেই প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হবে।

এছাড়া তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে আগামী কয়েক দিনের মধ্যে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে আরও একটি বড় পরিসরে সভা করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এর আগে জেলা সদরের প্যারাডাইস কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির আসনটি প্রতীকী হিসেবে ফাঁকা রাখা হয়েছিল।

আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করে ডা. এ জেড এম জাহিদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বিশেষ করে তরুণ ভোটারদের মন জয় করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে দেশের বর্তমান ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটিই তরুণ ভোটার যারা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করতে দেখেননি বরং তারা তাকে কেবল রাজপথে আন্দোলন ও সংগ্রাম করতেই দেখেছেন। তাই এই বিশাল তরুণ জনগোষ্ঠীর কাছে দলের ইতিবাচক বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা পৌঁছে দেওয়া বর্তমানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আচরণের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে জাহিদ হোসেন বলেন সাধারণ মানুষ এবং ভোটাররা নেতাকর্মীদের চাল-চলন কথাবার্তা ও অভিব্যক্তি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তাই এমনভাবে জনগনের সঙ্গে মিশতে হবে এবং কাজ করতে হবে যেন মানুষ বিএনপিকে ভালোবাসে এবং পছন্দ করে। জনগণের আস্থা অর্জন করতে পারলেই নির্বাচনে দল কাঙ্ক্ষিত জয় লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া এবং দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিকসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।