সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘দেশের সব ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দেশনেত্রীকে দেখাব

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ১৪, ২০২৫, ০৮:০০ পিএম

‘দেশের সব ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দেশনেত্রীকে দেখাব

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আসন্ন নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বিশেষ করে আউলিয়াপুর ইউনিয়ন থেকে দেশের অন্য যেকোনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মোফাজ্জল হোসেন দুলাল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে আউলিয়াপুর ইউনিয়ন থেকে দেশের যেকোনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন দেশনেত্রীকে দেখাতে পারি। কেননা এই ইউনিয়ন তিন জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন।"তিনি বিশেষ করে মা-বোনদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের প্রতি আমাদের বিরাট আশা-আকাঙ্ক্ষা।

বিএনপি সরকার গঠন করলে আপনাদের প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটি আপনাদের প্রত্যেকটি কাজে সহযোগী হিসেবে কাজ করবে।"অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ করার স্বার্থে নারীদের উন্নয়নসহ দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার চেষ্টা করার আহ্বান জানান।

দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগর।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।