নভেম্বর ২০, ২০২৫, ০৮:৫৬ পিএম
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়কে দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে এবং গণতন্ত্রের প্রাণভোমরাকে আবারও পুনরুজ্জীবিত করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
এই অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।
রুহুল কবির রিজভী তার বক্তব্যে অভিযোগ করেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তিনি আরও বলেন, গণতন্ত্রের পথচলায় ভবিষ্যতে কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি বাংলাদেশে যে নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন, তা নজিরবিহীন।
তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে একটি বড় অগ্রগতি এসেছে, এই রায়ের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ আবার খুলে গেল। তার মতে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের মানবিকতা থাকে না, আর সেই কারণেই তিনি রাষ্ট্রক্ষমতায় কঠোর ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্তের বিষয়েও রুহুল কবির রিজভী আলোকপাত করেন। তিনি জানান, তারেক রহমান এবারও নির্দেশ দিয়েছেন যাতে তার জন্মদিন পালন করা না হয়।
রিজভী বলেন, দেশের অসংখ্য মানুষ যখন অসুস্থ, ক্ষুধার্ত বা হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, তখন একজন জাতীয় নেতা হিসেবে তারেক রহমান কীভাবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করবেন। দেশের জনগণের কষ্ট তিনি মনের গভীর থেকে উপলব্ধি করতে পারেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’র মাধ্যমে তিনি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং নানাভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমানের এই মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বৃদ্ধি পাবে। ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক কর্মসূচিতে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন