নভেম্বর ২৫, ২০২৫, ১১:৪৯ এএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার। যদিও তার বাসায় ফেরা ও সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) গুরুতর অসুস্থতা নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
ভর্তির পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রীর হার্ট ও ফুসফুসে ইনফেকশন রয়েছে, যা তার শারীরিক জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন।
ডাক্তাররা সার্বক্ষণিক তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এদিকে, দলের পক্ষ থেকে চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় তার পাশে থেকে সার্বিক দেখভাল করছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন