মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ২৬, ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় বক্তারা বলেছেন, দিনাজপুর সদর আসনের প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী জাতীয় নির্বাচনে প্রিয় নেত্রীকে পবিত্র আমানত মনে করে প্রত্যেক কর্মীকে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, "আজ আমরা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসেছি। আমরা এমন এক প্রার্থীর জন্য ভোট চাইবো, যার জন্য নতুন করে কোনো পরিচয়ের প্রয়োজন হবে না।
তাঁরা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক কর্মীকে এক একজন খালেদা জিয়ায় পরিণত হতে হবে। আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ গড়ার স্বার্থে এবং দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনারও আহ্বান জানান বক্তারা।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১নং চেহেলগাজী ইউনিয়ন বিএনপি আয়োজিত দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
১নং চেহেলগাজী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজমুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, কোতোয়ালি বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি'র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা,
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগম, সদস্য সচিব সায়কা বেগমসহ জেলা ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।