ডিসেম্বর ১, ২০২৫, ০৪:৩৪ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে মহান আল্লাহর নিকট দেশবাসীকে দোয়া করার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে দলটির নবনির্বাচিত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এই আবেদন জানান।
বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন।
তিনি মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি থাকাকালীন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে।
তিনি উল্লেখ করেন:দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় তিনি এবং দেশের সব মজলুম মানুষ আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন।জামায়াতের এই নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে—তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন।
বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম, বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীর নিকট তার দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করার অনুরোধ জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন