ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:৪৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরে কোনো গুলি পাওয়া যায়নি; আগেই গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় ওসমান বিন হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।হাসপাতাল পরিচালক আসাদুজ্জামান বলেন,ওসমান বিন হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু অস্ত্রোপচারের সময় তার মাথায় গুলি পাওয়া যায়নি।
সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে। পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে এবং এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।”শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল আরোহী দুই অস্ত্রধারী রিকশায় থাকা ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তিনি জানান, বিস্তারিত ঘটনা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন