রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে : আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩১ পিএম

হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে : আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন দাবি করেছেন, বাংলাদেশে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাসহ বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, হাদি ভাইয়ের মতো অসংখ্য ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের দালালদের কাছে তুলে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে ভারতের দালালরা বাংলাদেশে হাসিনাকে ফ্যাসিবাদ তৈরি করতে দিয়েছিল।তিনি বলেন, "আবু সাঈদ জীবন দিয়েছে, শরিফ ওসমান হাদি গুলি খেয়েছে। আমাদের আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে ঘুরতে চাই, নিয়ত রাখি পরকালের জীবনেও আমরা সবুজ পাখি হয়ে ঘুরবো। অতএব আমাদের দাবিয়ে রাখা যাবে না।তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বলেন, "আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।