সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৩৮ পিএম

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টাকে মিথ্যা ও সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো ভূমিকার বিরুদ্ধে জামায়াত শুরু থেকেই সোচ্চার।

তবে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে জনপরিসরে আসা কোনো মন্তব্যের দায়ভার জামায়াত বা শিবিরের নয়। তিনি স্পষ্ট করেন যে, কোনো দেশের অখণ্ডতা নিয়ে বক্তব্যের সঙ্গে জামায়াতকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জুবায়ের বলেন:হাদির ওপর হামলাকারীরা যেভাবে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আমরা অতিসত্বর ওই সন্ত্রাসীদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জোরালো আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।

যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াত আপসহীন। বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় দলটি দৃঢ় অবস্থানে অবিচল থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।পরিশেষে, দলটির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।