ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৪৮ পিএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর আনুষ্ঠানিকতা শেষে তিনি এখন সরাসরি ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকার সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন।
অপেক্ষায় লাখো জনতা: সকাল থেকেই রাজধানীর কুড়িল-বিশ্বরোড থেকে শুরু করে ৩০০ ফিট এলাকা পর্যন্ত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
লিডার আসছে’ স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়িতে করে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করতে করতে সংবর্ধনা মঞ্চের দিকে এগোচ্ছেন।
সংক্ষিপ্ত ভাষণ ও পরবর্তী কর্মসূচি: দলীয় সূত্র জানিয়েছে, ৩০০ ফিট এলাকায় নির্মিত বিশালাকার মঞ্চে তিনি দেশবাসীর উদ্দেশে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে এটিই হবে তার প্রথম প্রকাশ্য ভাষণ। সেখানে সংক্ষিপ্ত অবস্থান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি দীর্ঘ প্রতীক্ষিত মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেবেন।
নিরাপত্তা ব্যবস্থা: তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত পুরো রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাবের পাশাপাশি বিএনপির হাজার হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন বইছে বাঁধভাঙা আনন্দের জোয়ার। প্রিয় নেতাকে একনজর দেখতে আসা মানুষের ভিড়ে আশপাশের সড়কগুলোতে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন