রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি থেকে পদত্যাগ করে যে ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:০৪ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করে যে ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর নতুন চমক দিলেন ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তাসনিম জারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসেবে এলাকার সেবা করা তাঁর আজীবনের স্বপ্ন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে নির্বাচনে না গিয়ে স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি একটি ‘নতুন রাজনৈতিক সংস্কৃতি’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে নির্বাচনী বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের সমর্থন প্রয়োজন।

তাসনিম জারার ক্ষেত্রে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল রোববার থেকে এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে।এর আগে যারা এনসিপির প্রার্থী ভেবে তাঁকে নির্বাচনী ফান্ডে টাকা দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ডা. জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যদি অর্থ ফেরত চান, তবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ট্রানজেকশন আইডি যাচাইয়ের মাধ্যমে তা ফেরত নিতে পারবেন।

তিনি আবেগঘন বার্তায় বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো বড় দলীয় কার্যালয় বা বিশাল কর্মী বাহিনী নেই। খিলগাঁও-সবুজবাগ-মুগদাবাসী হিসেবে আপনারাই আমার একমাত্র ভরসা। সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার সুযোগ পেতে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়ে তাঁর প্রার্থিতা নিশ্চিত করার আহ্বান জানান।এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ ছেড়ে তাসনিম জারার এই ‘একলা চলো’ নীতি ঢাকা-৯ আসনের নির্বাচনী সমীকরণকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।