অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান 'ডেভিল হান্ট ফেজ-২' এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন থেকে তাকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো. আমিনুর রহমান (৫৯)। তিনি উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
আমিনুর রহমান গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।থানা সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে-র নির্দেশে এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ও সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে নিজ এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অপারেশন 'ডেভিল হান্ট ফেজ-২' এর আওতায় আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত রাতে অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।