ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:০৩ পিএম
জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য পদত্যাগ করা আলোচিত নেত্রী ডা. তাসনিম জারা আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে এখন বিপাকে পড়েছেন। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত এক শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন যুক্ত তালিকা হলফনামার সঙ্গে জমা দিতে হয়।
এই শর্ত পূরণ করতে গিয়েই তিনি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।তাসনিম জারা খিলগাঁও এলাকায় ভোটারদের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করলেও সেখানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভোটারদের সিরিয়াল নম্বর বা ভোটার নম্বর।
নিয়ম অনুযায়ী প্রতিটি স্বাক্ষরের বিপরীতে সংশ্লিষ্ট ভোটারের সিরিয়াল নম্বর উল্লেখ করতে হয় কিন্তু তাসনিম জারার অভিযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার নম্বর পাওয়ার যে পাঁচটি প্রচলিত পদ্ধতি রয়েছে ।
তার একটিও বর্তমানে কার্যকর নেই। ফলে সাধারণ ভোটাররা তাদের নম্বর খুঁজে পাচ্ছেন না এবং প্রার্থীর পক্ষে স্বাক্ষর দেওয়াও সম্ভব হচ্ছে না।এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তাসনিম জারা বলেন যে সাধারণত এসএমএস, অনলাইন পোর্টাল, কল সেন্টার বা কিউআর কোডের মাধ্যমে ভোটার নম্বর পাওয়া যাওয়ার কথা থাকলেও সার্ভার ডাউনের কারণে কোনো পথই এখন কাজ করছে না।
তিনি মনে করেন এই জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী লড়াইয়ের পথ একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটি ডিজিটাল মাধ্যম বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।বাংলাদেশের নাগরিক হওয়া এবং ২৫ বছর বয়স পূর্ণ হওয়ার পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকা ও সম্পদ বিবরণী জমার মতো বিষয়গুলো প্রার্থী হওয়ার জন্য বাধ্যতামূলক।
তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হননি এমন ব্যক্তিদের জন্য এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিষয়টি সবসময়ই একটি বড় আইনি দেয়াল হিসেবে দেখা দেয়। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় শেষ মুহূর্তে তাসনিম জারা এই স্বাক্ষর ও ভোটার নম্বরের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে তার সমর্থকদের মধ্যে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। কিউআর কোড বা অনলাইনের ওপর নির্ভর করেও কোনো সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা ঝুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন