বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আল্লাহ সব আপসহীনদের নিয়ে যাচ্ছেন: ইনকিলাব মঞ্চের জুমা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:২৯ পিএম

আল্লাহ সব আপসহীনদের নিয়ে যাচ্ছেন: ইনকিলাব মঞ্চের জুমা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা। মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি দেশের চলমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শোকাতুর মন্তব্য করেন।

জুমা তাঁর পোস্টে লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কী এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, যার জন্য আল্লাহ সব আপসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন।

আল্লাহ বাংলাদেশের ওপর রহম করুক, আল্লাহ আমাদের ওপর রহম করুক।জুমা তাঁর পোস্টে জুলাই অভ্যুত্থানে শহীদ শরীফ ওসমান হাদির কথা বিশেষভাবে স্মরণ করেন।

তিনি জানান, ওসমান হাদি বেগম জিয়াকে ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে ডাকতেন এবং তাঁকে অসম্ভব ভালোবাসতেন।জুমা আরও উল্লেখ করেন, ভাইয়ের (ওসমান হাদি) ভীষণ ইচ্ছে ছিল নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নেবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক ওপরের তলার আইসিইউতে বেগম জিয়া ছিলেন।

ইনকিলাব মঞ্চের এই নেত্রী মনে করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল। আপসহীনতার যে নজির তিনি স্থাপন করে গেছেন, তা বর্তমান প্রজন্মের দেশপ্রেমিকদের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।