বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেগম জিয়ার জানাজার সময়সূচি ঘোষণা করলেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:১৪ পিএম

বেগম জিয়ার জানাজার সময়সূচি ঘোষণা করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফনের স্থান চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের শীর্ষ আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব মাওলানা আবদুল মালেক এই জানাজায় ইমামতি করবেন।

জানাজা শেষে বেগম জিয়াকে শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “ম্যাডামের প্রয়াণে আমরা এক বিশাল অভিভাবককে হারিয়েছি। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের জাতীয়তাবাদী দলকে আরও অপ্রতিরোধ্য করতে হবে।

স্থায়ী কমিটির এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপসহীন এই দেশনেত্রী।