বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসিনার পতনের পর ভাষণে যে কথা বলেছিলেন খালেদা জিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:১৩ পিএম

হাসিনার পতনের পর ভাষণে যে কথা বলেছিলেন খালেদা জিয়া

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ কারাবাস ও গৃহবন্দিত্বের অবসান ঘটিয়ে ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মুক্তির পর ৭ আগস্ট রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন তা আজ তাঁর প্রয়াণের দিনে আবারও দেশবাসীর হৃদয়ে নাড়া দিচ্ছে।

সেই ভাষণে তিনি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে এক মানবিক বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন।

সেদিন বেগম খালেদা জিয়া অত্যন্ত উদার কণ্ঠে বলেছিলেন যে ধ্বংস নয় কিংবা প্রতিহিংসা নয় বরং ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি কেবল নিজ দলের কথা ভাবেননি বরং দেশের সকল ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সাবেক এই প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের ওপর অগাধ আস্থা প্রকাশ করে বলেছিলেন যে শান্তি-প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের তরুণদের হাত শক্তিশালী করতে হবে। তাঁর সেই কথাগুলো আজ নতুন প্রজন্মের কাছে এক অনন্য পাথেয় হয়ে দাঁড়িয়েছে।

ভাষণের শুরুতে দীর্ঘ অসুস্থতার পর কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন এই মহীয়সী নেত্রী। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেছিলেন সেইসব বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে এবং রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছে। তিনি বলেছিলেন যে দীর্ঘদিনের দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধা যোগ্যতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি শোষণহীন সমাজ বিনির্মাণই ছিল তাঁর সেই ভাষণের মূল নির্যাস।

গণঅভ্যুত্থানের পর প্রেসিডেন্টের সাথে তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক দলগুলোর বৈঠকের সিদ্ধান্তে খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন। জেল-জুলুম আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাঁর সেই প্রথম ভাষণে কোনো তিক্ততা ছিল না বরং ছিল দেশ গড়ার এক বিশাল পরিকল্পনা। ছাত্র-তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। আজ যখন তিনি না ফেরার দেশে চলে গেছেন তখন তাঁর সেই ‘প্রতিশোধ নয় শান্তির সমাজ’ গড়ার আহ্বান জাতীয় ঐক্যের এক বিশেষ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।