ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'দেশনেত্রী' ও 'গণতন্ত্রের প্রতীক' হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ডা. তাহের জামায়াতের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন।
বেগম খালেদা জিয়া কেবল একটি দলের চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর কাছে মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রমাণ করেছেন।
শোক বইয়ে স্বাক্ষরের সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরসহ উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতারা বেগম জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতাকে অপূরণীয় হিসেবে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন