জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৭ পিএম
নির্বাচনী সমঝোতা ও আদর্শিক দ্বন্দ্বে বড় ধরনের সংকটের মুখে পড়েছে ‘তারুণ্যনির্ভর’ দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার দলটির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক সৈয়দা নীলিমা দোলা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ২টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে নীলিমা দোলা এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, এনসিপি বর্তমানে সম্পূর্ণভাবে ‘ডানপন্থী’ ঘরানায় ঢুকে পড়েছে এবং জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হয়েছে।
জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোটকে তিনি ‘নেতাকর্মীদের চোখে ধুলো দেওয়া’ এবং ‘মনোনয়ন দেওয়ার নামে তীব্র প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।নীলিমা দোলা তাঁর পোস্টে আরও বলেন, “২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় অভ্যুত্থান হয়নি।
কিন্তু আপনারা (এনসিপি) এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন।” তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু, নারী ও প্রান্তিক মানুষের ওপর চলা অনাচার নিয়ে প্রতিবাদ জানাতে দলটির অনীহা তাঁর রাজনৈতিক অভিপ্রায়ের সাথে সাংঘর্ষিক।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও জোট গঠনের পর থেকেই এনসিপির অভ্যন্তরে অসন্তোষ দানা বাঁধছে। এর আগেও একই কারণে দলটির বেশ কয়েকজন নারী নেত্রী ও কেন্দ্রীয় পদধারী পদত্যাগ করেছেন। নীলিমা দোলার এই পদত্যাগ দলটির অভ্যন্তরীণ ভাঙনকে আরও স্পষ্ট করে তুলল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন