বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৪৭ লাখ টাকা ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৬:২৬ পিএম

৪৭ লাখ টাকা ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ডা. তাসনিম জারা সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত ৪৬ লাখ ৯৩ হাজার টাকা বা প্রায় ৪৭ লাখ টাকা ফেরত দেবেন না বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

এই অর্থ তিনি তাঁর নির্বাচনী ব্যয় নির্বাহের জন্যই ব্যবহার করবেন এবং দাতাদের এটি ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী এই চিকিৎসক নেতা গত ২২ ডিসেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণতহবিলের আহ্বান জানিয়েছিলেন।

নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয় নিয়ে করা সেই আহ্বানে ব্যাপক সাড়া মেলে এবং মাত্র ২৯ ঘণ্টার মধ্যেই কাঙ্ক্ষিত ৪৭ লাখ টাকা তাঁর ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়। তাসনিম জারা জানিয়েছেন, যেহেতু তিনি কোনো দলের ব্যানারে লড়ছেন না, তাই নির্বাচনী খরচ জোগাতে তিনি জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অনুদানের ওপরই নির্ভর করছেন।

নির্বাচনী ব্যয়ের বিবরণীতে তিনি আরও উল্লেখ করেছেন, ক্রাউড ফান্ডিংয়ের অর্থের পাশাপাশি তিনি নিজস্ব আমানত থেকে ২৩ লাখ টাকা এবং ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যয় করবেন। হলফনামায় তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। যদিও শনিবার (৩ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, তবে তাসনিম জারা জানিয়েছেন তিনি ইসিতে আপিল করবেন এবং সংগৃহীত অর্থ নির্বাচনী লড়াইয়ের উদ্দেশ্যেই সংরক্ষিত থাকবে।