জানুয়ারি ৪, ২০২৬, ১০:০৫ পিএম
দীর্ঘদিন ধরে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দল পরিচালনার পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এবং সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে ফখরুল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির বর্তমানে কোনো আশঙ্কা নেই। জাতির কাছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ ১৫ বছর পর তারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।
দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, “সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাই ‘মবোক্রেসি’র বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে মির্জা ফখরুল মন্তব্য করেন, সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বর্তমানে তারা একটি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন