জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৪ এএম
"প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতোই অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক। হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম।
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এভাবেই হুঙ্কার দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১১ দলীয় জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন,এই এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। হাদির আজাদির লড়াই আমরা জারি রাখব।হত্যাকাণ্ডের এতদিন পরেও শরিফ ওসমান হাদির খুনিদের শনাক্ত করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, আজও সরকার হাদির খুনিদের ট্রেস করতে পারেনি। উল্টো প্রশাসন এখন বিএনপির তোষণ শুরু করেছে।
১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, জোটটি ‘আজাদির জোট’ হয়ে কাজ করবে। আমরা কোনো গোলামির রাজনীতি করব না। প্রচারে শুধু আজাদির বিষয়টিই প্রাধান্য পাবে। আপাতত এখানে দলীয় প্রতীক ‘শাপলা কলি’র কোনো বিষয় সামনে আসবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন