জানুয়ারি ৯, ২০২৬, ০৫:০০ পিএম
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে বহিষ্কৃত ১২ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৯ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর ফলে বরিশাল অঞ্চলের এই নেতারা তাদের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে অভিযুক্ত নেতারা নিজেদের ভুল স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৯ জানুয়ারি থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
পদ ফিরে পাওয়া নেতারা হলেন: ১. বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ। ২. ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার। ৩. বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক। ৪. ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। ৫. ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু। ৬. বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম। ৭. বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম।
৮. বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন। ৯. বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী। ১০. ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান। ১১. মো. কামরুল আহসান রুপন। ১২. ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।
সাম্প্রতিক সময়ে বিএনপি দলের শৃঙ্খলা রক্ষায় যেমন কঠোর অবস্থান নিয়েছে, তেমনি যারা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে নমনীয়তাও প্রদর্শন করছে। এর আগেও বেশ কয়েকজন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন