রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ১২, ২০২৬, ১১:৪৫ এএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং এটি সরকারের স্পষ্ট ব্যর্থতা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো। তবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের সাথে দেশের সম্মান ও রাজনীতি জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করছি। জাতীয় স্বার্থের ছোট ছোট বিষয়গুলোতে আমাদের সবার একমত হওয়া উচিত।
আঞ্চলিক সমস্যার সমাধান নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের (Mutual Relationship) মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা হবে।মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।