বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নাহিদ ও মামুনুলের সাক্ষাৎ, কী আলোচনা হলো

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৭ পিএম

নাহিদ ও মামুনুলের সাক্ষাৎ, কী আলোচনা হলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই দুই শীর্ষ নেতার বৈঠককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, প্রস্তাবিত গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক নানা সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে চলমান ১১ দলীয় জোটের নির্বাচনী কৌশল নির্ধারণ এবং দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করার ওপর জোর দেন দুই নেতা।

ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত ও একীভূত অবস্থান তৈরির বিষয়েও তারা একমত পোষণ করেন।বৈঠকে জাতীয় স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং জনআকাঙ্ক্ষা পূরণে জোটের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে শক্তিশালী জনমত গঠন করা। গণভোটকে সফল করতে দুই দলই মাঠপর্যায়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নাহিদ ইসলাম ও মামুনুল হকের এই বৈঠক জোটের ভেতরকার সংহতি প্রকাশ করছে এবং নির্বাচনী মাঠে ১১ দলীয় জোটের অবস্থানকে আরও স্পষ্ট করছে বলে ধারণা করা হচ্ছে।