রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১০:২৩ এএম

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে এবং জনমত গঠনের লক্ষ্যে রাজধানীতে ক্যারাভ্যান নামাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বর্ণাঢ্য ক্যারাভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 এই ক্যারাভ্যানটি ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে প্রদক্ষিণ করবে এবং লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরবে।এনসিপি দলীয় সূত্রে জানা গেছে, কেবল ঢাকা নয়, বরং পর্যায়ক্রমে দেশব্যাপী এই ক্যারাভ্যান প্রচারণা ছড়িয়ে দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের অংশ হিসেবে এনসিপি এবার অন্তত ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।নিজস্ব প্রার্থী থাকা আসনে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বে ক্যারাভ্যান ও মাঠপর্যায়ের প্রচারণা চলবে।অন্যান্য আসনে যেখানে এনসিপির প্রার্থী নেই, সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা বিশেষ প্রতিনিধি নিয়োগ করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করা হবে।

মূল লক্ষ্য জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং গণভোটে ইতিবাচক রায় নিশ্চিত করা।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এই ক্যারাভ্যানটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং এতে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও নতুন বাংলাদেশের রূপরেখা প্রদর্শন করা হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই গণভোটই হবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি।