বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৪৬ পিএম

ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের রাজনীতিতে এক বড় ধরণের নাটকীয় পরিবর্তন দেখা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সম্মানে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বরিশাল-৫ (সদর) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় তার সাথে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মোয়াযযম হোসাইন হেলাল বলেন যে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে। মূলত চরমোনাই পীরের প্রতি সম্মান প্রদর্শন এবং ইসলামপন্থীদের মধ্যে ঐক্য বজায় রাখার লক্ষ্যেই তিনি এই ত্যাগ স্বীকার করেছেন। 

তিনি আরও বলেন যে গত ২৯ ডিসেম্বর বরিশালবাসীকে সাথে নিয়ে বিপুল উৎসাহের মধ্য দিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র গড়ার যে স্বপ্ন জামায়াতে ইসলামী দেখে আসছে সেই বৃহত্তর লক্ষ্য অর্জনে তারা এখন মুফতি ফয়জুল করীমকে সমর্থন দিচ্ছেন। আস্তা বিশ্বাস ও ভালোবাসার জায়গা থেকেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এখানেই শেষ নয় জামায়াত নেতা মোয়াযযম হোসাইন হেলাল আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থকদের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ভোট দেওয়ার আহ্বান জানান। এর ফলে বরিশাল-৫ আসনে নির্বাচনী সমীকরণ পুরোপুরি বদলে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াতের এই সমর্থনের ফলে ইসলামী আন্দোলনের প্রার্থীর অবস্থান অনেক বেশি শক্তিশালী হলো। 

বিশেষ করে সদর আসনের বিশাল ভোট ব্যাংকে জামায়াতের একটি নিজস্ব প্রভাব রয়েছে যা এখন মুফতি ফয়জুল করীমের বাক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে বরিশাল সদর আসনে ছাড় দিলেও পাশের বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াত। মোয়াযযম হোসাইন হেলাল জানিয়েছেন যে বাকেরগঞ্জ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করবেন না। 

সে ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী সরাবে কি না বা জামায়াতকে ছাড় দেবে কি না তা সম্পূর্ণ ওই দলের সিদ্ধান্তের বিষয়। অর্থাৎ একটি আসনে সমঝোতা হলেও অন্য আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রাখল জামায়াত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।