বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কেউ বিশৃঙ্খলা করতে এলে জামায়াত ছাড় দেবে না: মোবারক হোসাইন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১১:৩৭ এএম

কেউ বিশৃঙ্খলা করতে এলে জামায়াত ছাড় দেবে না: মোবারক হোসাইন

রাজধানীর মিরপুরে জামায়াত-শিবির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার সকালে মিরপুর ৬০ ফিট রোডের বারেক মোল্লা এলাকায় আয়োজিত এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ বিশৃঙ্খলা করতে এলে আমরা আর ছাড় দেব না।

গত মঙ্গলবার রাতে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের হেনস্থা এবং নেতা-কর্মীদের ওপর ‘সন্ত্রাসী কায়দায়’ হামলার প্রতিবাদে এই মিছিল বের করা হয়। মিছিলটি পীরেরবাগসহ মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। 

সমাবেশে মোবারক হোসাইন আরও বলেন, এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামী নির্বাচন ও সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ।

মিরপুরের পীরেরবাগ এলাকাকে জামায়াত-শিবিরের ‘ঘাঁটি’ হিসেবে উল্লেখ করে এই নেতা বলেন, এখানে কোনো ধরনের সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না। ভবিষ্যতে যদি আবারও কোনো সন্ত্রাসী হামলা হয়, তবে তার উপযুক্ত ও পাল্টা জবাব দেওয়া হবে। সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে, মিরপুরের ওই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নেতা-কর্মীদের দেখতে আজ ইবনে সিনা কল্যাণপুর হাসপাতালে যাওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। উল্লেখ্য যে, গতকালের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে মিরপুর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।