জানুয়ারি ২২, ২০২৬, ১০:৫৫ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে দোয়া মাহফিল ও বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এই প্রচারণার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলার মহিলা কলেজ সংলগ্ন মো. আবুল কালাম আজাদের মিল-চাতাল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা বের করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামে দলটি।
উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের যোগ্য উত্তরসূরি এবং পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আতা। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ দিনাজপুরের সভাপতি ও হাবিপ্রবি’র শিক্ষক আবুল কালাম আজাদ, কৃষিবিদ ড. সাইফুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল এবং মো. তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), সাবেক সদস্য সচিব আলহাজ্ব মো. কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল্যাহেল বাকী, মো. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলাম ও মো. বদিউজ্জামান মানিক, জেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান বাবু প্রমুখ।
আয়োজকরা জানান, অনুষ্ঠান সফল করতে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মজনুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সায়মন আক্তার সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মো. সোলাইমান আলী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন