রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি চাই না: আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০২:০১ পিএম

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি চাই না: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও দেশবরেণ্য ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, তারা জাতির গর্ব। তিনি ঘোষণা করেন যে, এদেশকে আর কারও গোলামিতে পরিণত হতে দেওয়া হবে না। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রায়াডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মুফতি আমির হামজা শহীদ আবরার ফাহাদের স্মৃতিচারণ করে বলেন, "আবরার ফাহাদ আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান এবং বাংলাদেশের গর্ব। 

এত মেধাবী একটি ছেলেকে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তৎকালীন জালেম শাসকরা হত্যা করেছে।" তিনি আরও বলেন যে, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী শহীদরা অমর, তারা এক জগত থেকে অন্য জগতে পাড়ি জমিয়েছেন মাত্র। 

তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।নির্বাচনী অঙ্গীকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে আমির হামজা বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা প্রকৃত অর্থেই বৈষম্যমুক্ত হবে। আমরা আগামীতে এদেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি চিরতরে উচ্ছেদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তিনি মনে করেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে এই সমস্ত অপসংস্কৃতি থেকে রাজনীতিকে মুক্ত করা জরুরি।

কবর জিয়ারতকালে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ এবং স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মুফতি আমির হামজা আবরারের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কুষ্টিয়ার এই আসনে আমির হামজার প্রার্থীতা এবং তার এই ধরণের বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।