জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:২৬ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নির্বাচনি উত্তাপের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের ১৫ জন সক্রিয় নেতাকর্মী। বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৩ আসনের মিডিয়া সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ সানভীর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ্-এর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মুফতি সালমান ফারসি; বিএনপি থেকে হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন, বজলু মিয়া এবং জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া ও মো. কাউসার মিয়াসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, "জনগণ এখন নীতি ও আদর্শের রাজনীতি চায়। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা দেশে ইনসাফ কায়েমের যে স্বপ্ন দেখছি, তাতে সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও একাত্ম হচ্ছেন।" তিনি আরও দাবি করেন যে, সোনারগাঁওয়ে হাতপাখার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।
উক্ত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সভাপতি মুহা. ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের এই শক্তি বৃদ্ধি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন