জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৩২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বেকার শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য এক ব্যতিক্রমী ও আশাব্যাঞ্জক নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি জানান, নির্বাচিত হলে এই আসনের বেকার যুবকদের স্বাবলম্বী করতে তিনি ‘স্টার্টআপ ঢাকা-৯’ নামে একটি বিশেষ ফান্ড গঠন করবেন।
ডা. তাসনিম জারা বলেন, আমাদের দেশে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী পড়াশোনা শেষ করে চাকরির অভাবে হতাশায় ভুগছেন। পুঁজির অভাবে তারা নিজেদের উদ্ভাবনী চিন্তাগুলো বাস্তবায়ন করতে পারছেন না।
তিনি আরও জানান, এই ফান্ডের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন বা পুঁজি সরবরাহ করা হবে। শুধু বড় কোনো প্রজেক্ট নয়, যারা ঘরে বসে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্যও তার ইশতেহারে বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। আর এই পথ সুগম করতেই তিনি ‘প্রজেক্ট ঢাকা-৯’-এর মাধ্যমে কাজ করতে চান। তাসনিম জারা মনে করেন, টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে হলে সরকারি চাকরির ওপর নির্ভরতা কমিয়ে তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।উল্লেখ্য, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব (ধানের শীষ)। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি-র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনও নির্বাচনি মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। তবে তাসনিম জারার এই ‘স্টার্টআপ ফান্ড’-এর ঘোষণা স্থানীয় তরুণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন