সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংঘর্ষের পর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ১২:১৫ এএম

সংঘর্ষের পর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে গঠিত শেরপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 

তবে ঠিক কী কারণে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে কমিটি স্থগিত করা হলো, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কেন্দ্রীয় বিএনপি।এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “হঠাৎ করেই কমিটি স্থগিতের খবরটি শুনেছি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে কেন্দ্র থেকে আমাকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার সভায় জামায়াতের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং নির্বাচনি মাঠে অভ্যন্তরীণ কোন্দল এই স্থগিতাদেশের পেছনে ভূমিকা রাখতে পারে। ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত একাধিকবার জেলা বিএনপির কমিটি গঠন ও স্থগিতের ঘটনা ঘটল। এর আগে ২ জানুয়ারি একবার কমিটি স্থগিত করা হয়েছিল, যা পরে পুনর্গঠন করা হয় ৫ জুন। সেই নতুন কমিটিও সাড়ে ছয় মাসের মাথায় আবারও স্থগিত হলো। নির্বাচনের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অস্থিরতা সৃষ্টি হয়েছে।