সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:০৬ পিএম

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা থেকে সততা পালিয়ে গেছে। তবে আমরা রাজনীতিতে সততা ধরে রাখার চেষ্টা করছি। আপনাদের ভোট একটি বড় আমানত, আর আমি আপনাদের দীর্ঘদিনের চেনা লোক। তাই এই আমানত রক্ষায় আমাকে সুযোগ দিন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। আমাদের ছেলেরা শুধু এমএ, বিএ পাস করে চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ নিলে বিদেশে গিয়েও ভালো আয় করতে পারবে। আমাদের ছাত্রদের সেদিকেই মনোযোগী হতে হবে।

বিগত ১৫ বছরের শাসনামলের স্মৃতি চারণ করে তিনি বলেন, "গত ১৫ বছর আমরা কোনো কথা বলতে পারিনি। আমাদের শুধু পেটানো হয়েছে আর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এখন উন্নয়ন করতে চাই। নির্বাচিত হলে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ব্যক্তিগত ত্যাগ ও সততার কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার আমার ছোট ভাইকে কোনো বরাদ্দ দেয়নি, আমাদের কাজ করতে দেওয়া হয়নি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বরং পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করি। বাপের যা জমি ছিল, তার অর্ধেকই শেষ করে ফেলেছি।

বক্তব্যের শেষে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, "এটিই আমার জীবনের শেষ নির্বাচন। আপনাদের সেবা করার জন্য শেষবারের মতো আমাকে ধানের শীষ প্রতীকে সুযোগ করে দেবেন।" এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।