রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আবু সালেহ মো রায়হান 

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৩৫ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আসন্ন গণভোটের মূল প্রশ্ন একটাই—কে রাষ্ট্র সংস্কার চায় আর কে চায় না। যারা দেশকে আধুনিক ও বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে চান, তারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নিন।রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিগত দিনে দেশ যেভাবে চালানো হয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। ধ্বংসপ্রায় রাষ্ট্রকে মেরামত করতে সংস্কারের কোনো বিকল্প নেই। যারা সংস্কার চান না, তারাই কেবল ‘না’ ভোট দেবেন। কিন্তু আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন পথের অভিযাত্রী হতে হবে।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে অভয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের জান-মালের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে।”

তরুণ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আর মাত্র তিন দিন পরই বড় সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতোই চলবে, নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ ও আধুনিক চিন্তাধারার মানুষ। আমরা চাই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন ভিশন নিয়ে দেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসাবেন।

পথসভায় মির্জা ফখরুল ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।