ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:০৫ এএম
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম উল্লেখ করে সরকারি গেজেট প্রকাশ করেছে। গত শুক্রবার গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল এই গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এবারের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী বড় ধরনের চমক সৃষ্টি করেছে।
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে দলটি এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দেশজুড়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে যেখানে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংসদের এই লড়াইয়ে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে থাকলেও জামায়াতের এই বড় জয় তাদের অবস্থানকে সংসদীয় রাজনীতিতে শক্তিশালী করেছে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নেয় যা ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর রেকর্ডসংখ্যক। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন যার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যান্য দলের মধ্যে ন্যাশনাল সিভিক পার্টি বা এনসিপি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি ছোট দল একটি করে আসনে জয় পেয়েছে। এখন সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। গেজেট প্রকাশের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ধাপগুলো শুরু হবে যা নতুন সরকার গঠনের পথকে আরও সুগম করল।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নতুন বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে এবারের নির্বাচনটি ছিল দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুতই শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফলের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ ও জবাবদিহিতার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন