ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৩১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ের কার্যক্রম শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে যাবেন।
সোমবার সকালে বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ দেড় দশক পর নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে এই ধরনের সাক্ষাতকে রাজনৈতিক শিষ্টাচার ও ঐক্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত রবিবার তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। একই দিনে তিনি জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনেও গিয়েছিলেন।
নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শরিকদের সঙ্গে সরাসরি কথা বলে পারস্পরিক আস্থা বৃদ্ধির চেষ্টা করছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক সাক্ষাত মূলত একটি অংশগ্রহণমূলক ও কার্যকর রাষ্ট্র পরিচালনার বার্তা বহন করছে। যেখানে সব পক্ষকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি স্বচ্ছ রূপরেখা ফুটে উঠছে।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে বিএনপি একাই ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
এছাড়া জোটের অন্যান্য শরিকদের প্রাপ্ত আসন মিলিয়ে বর্তমানে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন জয় দলটির তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। নতুন সরকার গঠনের আগমুহূর্তে দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এই সাক্ষাত কর্মসূচিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ সন্ধ্যার এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের ভবিষ্যৎ পথচলা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন