বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৫১ এএম

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা রাজনীতিতে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী তহবিলে জমা হওয়া অনুদানের অর্থ দাতাদের কাছে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

 জারা জানিয়েছেন, যারা তাঁর নির্বাচনী লড়াইয়ে আর্থিক সহযোগিতা করেছিলেন এবং এখন সেই অর্থ ফেরত পেতে চান, তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা সংগ্রহ করতে পারবেন। 

নির্বাচনের পর তহবিলের অব্যবহৃত অর্থ দাতাদের ফেরত দেওয়ার এমন ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বেশ বিরল।স্বতন্ত্র এই প্রার্থী তাঁর পোস্টে দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের এই ভালোবাসা ও আস্থার প্রতি তিনি চিরঋণী। 

যারা ব্যাংক বা বিকাশের মাধ্যমে অনুদান দিয়েছিলেন, তাদের সুবিধার্থে তিনি পৃথক দুটি অনলাইন ফর্মের লিংক শেয়ার করেছেন। ব্যাংক ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও বিশেষ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ডা. জারা জানিয়েছেন, আগামী ১০ মার্চ ২০২৬ পর্যন্ত এই অর্থ ফেরতের আবেদন গ্রহণ করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে অনুরাগী ও সমর্থকদের মাঝে বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য জনসমর্থন পান ডা. তাসনিম জারা। তিনি ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এই আসনে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ। দ্বিতীয় অবস্থানে থাকা শাপলা কলি প্রতীকের জাভেদ মিয়া রাসিন পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। জয়ী হতে না পারলেও ভোটের পর এমন স্বচ্ছতা ও নৈতিকতার পরিচয় দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জারার এই উদ্যোগটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।