রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের গভীর শোক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১০:৩৩ পিএম

দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের গভীর শোক

শোক প্রকাশ মির্জা ফখরুলের

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। 

একই সঙ্গে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ধীরগতি এবং কর্তৃপক্ষের অবহেলার কঠোর সমালোচনা করেন তিনি।বিকেলে ঘটা এই দুর্ঘটনায় বাসটির মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিদের অধিকাংশেরই হদিস মেলেনি। 

ইতোমধ্যে ফায়ার সার্ভিস কয়েকটি মরদেহ উদ্ধার করেছে। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন, "অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে যাওয়া এবং অধিকাংশের হদিস না পাওয়া দেশব্যাপী জনমনে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।"

শোকবার্তায় বিএনপি মহাসচিব সরাসরি অভিযোগ তুলে বলেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও অমনোযোগিতার কারণেই এমন জীবনহানি বারবার ঘটছে। তিনি মনে করেন, এসব বিষয়ে আগে থেকে সজাগ ও সতর্ক থাকলে এই ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। তিনি অবিলম্বে নিখোঁজদের উদ্ধারে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অভিযান আরও দ্রুত করার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, এই দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, "ভয়াবহ এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।" সবশেষে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।