এপ্রিল ৭, ২০২৬, ০৪:৩৫ পিএম
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে আটক হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করার পর তিনি কারাগার থেকে মুক্ত হন।
মুক্তি পেয়েই তিনি নিজের অবর্ণনীয় কষ্ট এবং দেশের বর্তমান পরিস্থিতিতে নাগরিক অধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।কারাগার থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সাওদা সুমি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘আমার দুইটা ছোট বাচ্চা অসুস্থ, তাদের রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে। সেখানে না খেয়ে, না ঘুমিয়ে যে কষ্ট সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এই সরকারকে নির্বাচিত করেছিলাম সম্মানের সাথে কথা বলার জন্য, জেল খাটানোর জন্য নয়। আমি চাই সামনের দিনগুলোতে আমাদের মতো সাধারণ মানুষকে অন্তত কথা বলার সুযোগ দেওয়া হোক।’
নিজের পেশাগত পরিচয় তুলে ধরে তিনি আরও জানান যে, তিনি একজন ফ্রিল্যান্সার। কোনো প্রকার ব্যক্তিগত প্রচার বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তিনি পোস্ট দেননি। সাওদা সুমি বলেন, ‘আমি দেশকে ভালোবেসে জনগণের স্বার্থে আমার ব্যক্তিগত মতামত তুলে ধরেছি। আমি সরকারকে বাধ্য করিনি যে আমার কথা শুনতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামতের জন্য কেন এই হয়রানি? এই বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে কি ছাত্র-জনতা রক্ত দেয়নি? এত মানুষ পঙ্গু আর অন্ধ হলো কি আবার ১৭ বছর জেলের ভেতর থাকার জন্য?’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের নিজ বাসা থেকে পুলিশ বিবি সাওদাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাঁকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ সকালে আদালতে দীর্ঘ এক ঘণ্টা শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৫ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ বিবি সাওদাকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনাটি নিয়ে গত দুই দিন ধরে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা চলছিল। বিশেষ করে একজন মা ও ফ্রিল্যান্সারকে মতপ্রকাশের দায়ে মধ্যরাতে আটকের বিষয়টি নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন