এপ্রিল ১১, ২০২৬, ১২:৪৬ পিএম
জ্বালানি সংকট কাটাতে দেশে একটি স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি অন্তত ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত বা বাফার স্টক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। এগ্রিকালিচারিস্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য সরকারের প্রতি কড়া আহ্বান জানিয়ে বলেন ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে ফেলে যার ফলে তারা সমাজকে আর স্বাভাবিকভাবে দেখতে পায় না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পাপ কখনো বাপকেও ছাড়ে না এবং প্রতিটি অন্যায়ের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নিশ্চিত করবেন। তাঁর মতে বর্তমানের জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বিকল্প জ্বালানি উৎপাদনের পথ প্রশস্ত করতে হবে। যদি এই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় তবে জাতি বর্তমান প্রশাসনকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।কৃষিকে দেশের প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন কৃষি বাঁচলে দেশ বাঁচবে এটি কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না।
তিনি আক্ষেপ করে বলেন স্বাধীন দেশ হলেও দেশের সম্পদ উত্তোলনে আমাদের এখনো বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয় যা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন মুখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া হলেও এর কোনো বাস্তব প্রয়োগ নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যথাযথভাবে ব্যবহার না করার সমালোচনা করে তিনি বলেন আমাদের দেশের যেটুকু দক্ষতা আছে সেটুকুও কাজে লাগানো হচ্ছে না। বিশ্বের উন্নত দেশগুলো যখন ক্ষতিকর লিকুইড এনার্জি থেকে বেরিয়ে আসছে তখন আমাদের দেশে কেন সেই প্রক্রিয়া শুরু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন দেশে জ্বালানি নিয়ে বর্তমানে হাহাকার চললেও সংসদে সরকারি দলের সদস্যরা এমনভাবে কথা বলেন যাতে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে। তিনি অভিযোগ করেন সাধারণ মানুষ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অথচ কালোবাজারে চোরাই তেলের অভাব নেই। এর পেছনে রাজনৈতিক সিন্ডিকেট ও খুটির জোর রয়েছে বলে তিনি মনে করেন। তেলের সাথে ভেজাল মেশানোর গুরুতর অভিযোগের কথা তুলে ধরে তিনি বলেন রুলিং পার্টিকে ঘিরেই এসব সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটগুলো ভেঙে না দিলে সাধারণ মানুষের মুক্তি আসবে না।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার তিনটি স্তম্ভ কৃষি, শিল্প ও মানসম্মত সেবা খাতের বেহাল দশা নিয়ে ডা. শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন চালে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দাবি কেবল ফাঁকা বুলিতে পরিণত হয়েছে কারণ এখনো আমাদের সব কিছু আমদানি করতে হয়। কৃষক আজ সেচ পাম্পের জ্বালানির জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে দৌড়ে বেড়াচ্ছে যা সামনের দিনগুলোতে ধান উৎপাদনে বড় ধরনের সংকট তৈরি করবে। সবশেষে তিনি গত সরকারের আমলের বিতর্কিত অধ্যাদেশ বাতিলের কথা মনে করিয়ে দিয়ে বলেন বর্তমান দুর্যোগের সময়ে আমাদের জেগে উঠতে হবে এবং দেশের স্বার্থে জোরালো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মূলত ইনসাফ কায়েমের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন