রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি শহীদ ফাইয়াজের বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১২:০২ পিএম

নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি শহীদ ফাইয়াজের বাবা

শহীদ ফাইয়াজের বাবা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশে আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাওয়া যাচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

শহিদুল ইসলাম ভূঁইয়া মনে করেন, যে লক্ষ্য নিয়ে তরুণরা জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্নগুলো আজ চ্যালেঞ্জের মুখে পড়ছে।সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, দেশের সন্তানরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই রাজপথে জীবন দিয়েছিল। 

একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই ছিল তাদের একমাত্র আকাঙ্ক্ষা। অথচ বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই বিপ্লবের মূল চেতনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

শহিদুল ইসলাম অভিযোগ করেন, ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল, সরকার তা বাস্তবায়নে এক ধরনের গড়িমসি দেখাচ্ছে। তাঁর মতে, গণভোটের রায়ের প্রতিটি দাবি কোনো প্রকার পরিবর্তন ছাড়াই দ্রুত কার্যকর করা জরুরি।শহীদ ফাইয়াজের বাবা সংবিধানের আমূল পরিবর্তনের দাবি তুলে বলেন, যে সংবিধান মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না কিংবা যে সংবিধান বারবার স্বৈরাচারের জন্ম দেয়, সেই পুরনো কাঠামো সাধারণ মানুষ আর দেখতে চায় না। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের জন্য মানুষ নয়, বরং মানুষের জন্যই সংবিধান তৈরি হতে হবে। 

বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি স্মরণ করিয়ে দেন যে, এক সময় তিনিও মজলুম ছিলেন এবং তাঁর পরিবারের পক্ষ থেকে পুরনো সংবিধান ছুঁড়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই অনতিবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।একই সমাবেশে জুলাইযোদ্ধা কামরুল হাসানও সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা কোনো প্রকার দাঁড়ি, কমা বা সেমিকোলন পরিবর্তন ছাড়াই বাস্তবায়ন করতে হবে। 

যদি সরকার এই দাবি পূরণে ব্যর্থ হয়, তবে জুলাই আন্দোলনের কারিগররা আবারও রাজপথে নামবে এবং প্রয়োজনে জাতীয় সংসদ ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আসা কয়েক হাজার শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।