বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষিত বেকারত্বের হার কমাতে নতুন করে ভাবতে হবে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৫:০২ পিএম

শিক্ষিত বেকারত্বের হার কমাতে নতুন করে ভাবতে হবে

বাংলাদেশে শিক্ষিত বেকার সমস্যা সমাধানে প্রথাগত চিন্তা থেকে বেরিয়ে নতুন করে ভাবতে হবে। একই সাথে রাজস্ব আয়ে অটোমেশন নিশ্চিত করা এবং বড় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বন্ধসহ সুনির্দিষ্ট কিছু উদ্যোগ নিলে বর্তমান অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব।রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের প্রথম সেশনে বক্তারা এসব কথা বলেন। 

জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এই অনুষ্ঠানে অর্থনৈতিক পুনর্গঠন, দুদক, এনবিআর এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে। তিনি বলেন, রূপপুর প্রকল্পের মতো একটি প্রজেক্ট থেকেই একটি নির্দিষ্ট সিন্ডিকেট ৫০ হাজার কোটি টাকা কমিশন নিয়েছে। তাঁর দাবি অনুযায়ী, বিগত ফ্যাসিস্ট সময়ে দেশ থেকে প্রায় ১১ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দিয়ে ৩৫ থেকে ৪০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। 

ভবিষ্যতে বাংলাদেশে মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি না হয়, সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক করেন।এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কর ও শুল্ক খাতে অটোমেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, দেশে ১ কোটি ২৮ লক্ষ টিআইএনধারী থাকলেও আয়কর রিটার্ন জমা দেয় মাত্র ৫ শতাংশের কম। এনআইডি কার্ডের সাথে এই প্রক্রিয়া ইন্টিগ্রেটেড করতে পারলে টেবিলের নিচ দিয়ে হওয়া দুর্নীতি শূন্যে নামিয়ে আনা সম্ভব। এ ছাড়াও জ্বালানি নির্ভরতা কমাতে রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিডিজবস-এর সিইও ফাহিম মাসরুর শিক্ষিত বেকারত্বের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ২১ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে শিক্ষিতদের বেকারত্বের হার ৫০ শতাংশের বেশি। প্রতি বছর ৭ লক্ষ স্নাতক বের হলেও তাদের বড় অংশের কর্মসংস্থান নেই। তিনি সমাধান হিসেবে প্রচুর উদ্যোক্তা তৈরি এবং শিক্ষিত জনবলকে সরকারি লোন দিয়ে পরিকল্পিতভাবে বিদেশে পাঠানোর প্রস্তাব করেন।পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ বলেন, ৫ই আগস্টের আগে অর্থনৈতিক সুশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। 

রাজস্ব সংস্কারের অভাব এবং বৈদেশিক ঋণের অতিমাত্রায় নির্ভরতা রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নষ্ট করেছে। এ ছাড়াও ব্যাংকিং খাতে স্থবিরতা এবং ম্যাক্রো লেভেলে দুর্নীতির কারণে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করছেন না বলে জানান ড. এ কে এম ওয়ারেসুল করিম। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ ক্ষুদ্র ঋণের পথ সচল রাখতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।