মে ৪, ২০২৬, ১২:২৯ পিএম
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। সোমবার (৪ মে) তেঁতুলিয়ায় ৫ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।রোববার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার নওশাদ জমির।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এমপি নওশাদ জমির জানান, তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন এবং অনলাইনে বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ আইসিটি প্রকল্প গ্রহণের কথা জানান তিনি। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে উঁচু ওয়াচ টাওয়ার ও পর্যটন মডেল ভবন নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পঞ্চগড়ের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, নবনির্মিত ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে জেলায় একটি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আগামী দিনে এসব প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়নমূলক এসব কাজ সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় সব পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার নওশাদ জমির। ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এলজিইডি-র জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রীস আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন